ভালোবাসা এখন শুধুই প্রশ্নবোধক চিহ্ন
আচ্ছা -
আন্দাজ করেও কি বলতে পারবে!
এখন ঘূর্ণায়মান ঘড়ির কাঁটাগুলির
অবস্থান কোথায়?
জানি এখন তুমি গভীর ঘুমে মগ্ন
তাই তোমার কাছে সময় জানতে
চেয়ে উত্তর আশা করা মানেই
কাঠগড়ায় নিজেকে দাড় করিয়ে
বোকার মত নিজেকেই প্রশ্ন করা
কাঠগড়া! তাই না! এই একাকিত্বের
মাঝে আবার আইন -আদালত,
কাঠগড়া এসব এলো কোথা থেকে!
হয়তো ভাবতেই পারো
নিশ্চয়ই আমার মাথায় ভূত চেপেছে
নয়তো পাগল হয়ে গিয়েছি।
তবে সত্যিটা জেনে রাখো
এসব ভূত-পেত -এ আমি বিশ্বাসী নই
সৃষ্টিকর্তার সৃষ্ট দুই জাতি
জ্বীন আর ইনসান
এর মধ্যে ভূত-তো নেই....
তাই আমার মনে হয় ভূত
মনের অলীক কল্পনা ছাড়া আর কিছুই না।
তবে বিশ্বাস করো -
হয়তো আমি পাগল হয়ে গেছি
হ্যাঁ সত্যি -
আমি পাগল হয়ে গেছি
তবে পাগলের যথার্থ সংজ্ঞা
আমার জানা নেই।
তাইতো -
মাঝরাতে এখন আমি
আকাশ পানে তারা দেখি
তারার মাঝে তোমায় খুজি-
মিটিমিটি তারার আলোর মাঝে
তোমার স্মৃতিগুলি খেলা করে
তাই এই মাঝ রাত্রিতে আকাশপানে
তাকিয়ে নিজেকে কাঠগড়ায়
দাড় করিয়ে প্রশ্ন-উত্তর, উত্তর-প্রশ্ন
খেলা করছি।
খেলা! জানি এই শব্দটা শুনে
তুমি একটুও আশ্চর্য হবে না
বরং অট্টহাসিতে মেতে উঠবে
হ্যাঁ তো সত্যি তাই-
আমি আকাশের দিকে তাকিয়ে
চোখ দুটি বন্ধ করে তোমার সেই
খুশিতে ফেটে পরা অট্টহাসির শব্দ শুনতে পাচ্ছি-
হাসো, যত পারো মন খুলে হাসো
কারণ তুমি হাসলেই
আমার মন ভালো হয়ে যায় -
তোমার হাসিতে জ্যোৎস্না লুটিয়ে পরে
আর আমি তা কুড়িয়ে
আমার মন কুঠুরিতে জমা করে রাখি।
এখন মাঝরাত্রি -একাকি আমি
নিঃসঙ্গতায় তোমার স্মৃতিগুলি
সাথে নিজেই কথা বলছি
জানি এখনও তুমি ঘুমাচ্ছো
ঘড়ির কাটার টিক টিক শব্দে
আমি তোমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছি -
শান্তিতে ঘুমাও -
এখন আর মাঝরাতে ফোন করে
তোমার ঘুম ভাঙাবো না -
কারণ ইদানিং থেকে শুনছি
ঘুমের কারণে তোমার
চোখ দুটি ব্যাথা করে-
দোষটা আমারই - শুধু কেনইবা
আমার জন্য রাত জাগবে তুমি..
আমি তো এসেছি তোমার জীবনে
হাতেগুনা কয়েকটা দিনমাত্র
তার আগে কখনোই তোমার
দুঃস্বপ্নের মাঝেও আমি ছিলাম না
আমি তোমার সাময়িক বর্তমান
যা খাল-বিলে জমে থাকা জলতুল্য
যা নিয়ে কখনোই সাগর কল্পনা করা য়ায় না।
জানো, জানো কি তুমি -
আচ্ছা - বাদ দাও -
শুধু জেনে রেখে তুমি
অনেক ভালোবাসি তোমায়
আর তাই -
ভালোবাসা কেন জানি
আমার কাছে
এখন শুধুই প্রশ্নবোধক চিহ্ন !
-আখন্দ জাহিদ

Comments
Post a Comment